নিজামীর লাশ দাফনের পর চট্টগ্রাম ও রাজশাহীতে শিবিরের সঙ্গে পুলিশের সংঘষের্র ঘটনা ঘটছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দুই জায়গাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে ছাত্রলীগ।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের পর বুধবার দুপুর দেড়টায় চকবাজার এলাকায় গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতে ইসলামী। জানাজায় অংশ নিতে প্যারেড মাঠে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। এসময় হঠাৎ ছাত্রলীগ মাঠের আশপাশে ককটেল হামলা চালাতে থাকে। এক পর্যায়ে জানাযায় উপস্থিত মানুষ তা প্রতিহত করতে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি চালায় ছাত্রলীগ।
এর আগে বেলা পৌনে ১টায় মিছিল নিয়ে যাওয়ার সময় জানাজাস্থলের আশপাশে হামলা চালায় ছাত্রলীগ। এতে পুরো এলাকায় দোকানপাট, মার্কেট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গায়েবানা জানাজা বানচাল করতে ছাত্রলীগ চকবাজারে গুলি ও বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নিজামীর জানাজা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে রাজশাহী নগরীতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। বুধবার দুপুরে নগরীর হেতেম খাঁ এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা নগরীর গ্রেটার রোড, উপশহরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, নগরীর হেতেম খাঁ এলাকায় নিজামীর গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জোহরের নামাজের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে জড়ো হতে থাকে।
এসময় বিশৃক্সখল পরিস্থিতি এড়ানোর জন্য পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। এ নিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এসময় রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সংঘর্ষ নগরীর গ্রেটার রোড, উপশহরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালীন সময়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল।


