শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

নিজামীর ফাঁসি হওয়ায় আনন্দ মিছিল

11-05-16-Pabna_Motiur Rahman Nizami-1একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে। এ সময় ‘নিজামীর ফাঁসি কার্যকর হল, জাতির দাবি পূরণ হল’ এ স্লোাগান দিয়ে উচ্ছাস প্রকাশ করেন তারা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের নেতৃত্বে বিজয় মিছিল ও উৎসব করা হয়।

এ সময় শাহে আলম মুরাদ বলেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার মধ্যদিয়ে সারাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এতে আওয়ামী লীগ সন্তুষ্ট। আমরা আশা করি অন্য যুদ্ধাপরাধীদেরও সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে।

এসময়ে তিনি রায় কার্যকর করার পর জামায়াতের ডাকা হরতালে কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে তাদের প্রতিহত করার ঘোষণা দেন।

এদিকে শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করায় ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালীর নেতৃত্বে ডেমরায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামারা।

এছাড়াও রাজধানীর পোস্তখোলা-শ্যামপুর-কদমতলীর শ্রমিক নেতা দেলোওয়ার হোসেনের নেতৃত্বে প্রায় পাঁচশতাধিক শ্রমিক আনন্দ র‌্যালিতে যোগ দেন। পরে তারা মিষ্টি বিতরণ করেন।

বাংলাদেশ ছাত্রলীগ মঙ্গলবার রাতে নিজামীর ফাঁসি কার্যকর করার পর আনন্দ মিছিল করেছে।

নিজামীর ফাঁসির রায় কার্যকর করার পরপরই বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিষ্টিমুখ করে আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সমম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে আনন্দ মিছিলে ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রায়েজিদ আহমেদ খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি থেকে সংবাদদাতা জানান, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় খাগড়াছড়িতে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

আজ বুধবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলমের নেতৃত্বে পানখাইয়া পাড়া এলাকা থেকে একটি আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।

পাবনা থেকে সংবাদদাতা জানান, নিজামীর রায় কার্যকর হওয়ার পর পাবনা শহরে এবং সাঁথিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার গভীর রাতে আনন্দ মিছিল বের করে। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন