‘আমি চাইলে ক্যাম্পাস চলবে, না চাইলে বন্ধ থাকবে। আমি এখনি ক্যাম্পাস বন্ধ করে দেব আপনার ক্ষমতা থাকলে চালান।’
এভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে শাসালেন ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজু ও তার অনুসারীরা।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভিসির কার্যালয়ে এ হুমকি দেয়া হয়।
এ সময় ভিসি অফিসে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যায়। পরে প্রক্টরিয়াল বোডি ও পুলিশ ঘটনাস্থলে গিলে তারা সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ভিসি অফিসে উপস্থিত শিক্ষকরা জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সহকারী রেজিস্ট্রারকে বহিস্কার করা হয়।
বহিস্কৃত ওই কর্মকর্তাদের পক্ষ নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান ওরফে মিজু, এবং আরেক সহসভাপতি জুয়েল রানা হালিম ভিসির সঙ্গে দেখা করতে যায়। সেখানে তারা ভিসিকে ওই দুই কর্মকর্তার বহিস্কার আদেশ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে।
এক পর্যায়ে তারা ভিসিকে হুমকি দিয়ে বলেন, আপনাকে আমি গতকাল (মঙ্গলবার) বলে গেছি বহিস্কার আদেশ প্রত্যাহার করতে, করেননি কেন? আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে। তানা হলে ক্যাম্পাস অচল করে দেয়া হবে।
এ সময় মিজানুর রহমান বলেন, ‘আমি চাইলে ক্যাম্পাস চলবে, না চাইলে চলবে না। আমি এখনি ক্যাম্পাস বন্ধ করে দেব আপনার ক্ষমতা থাকলে আপনি চালান’।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইবি বঙ্গবন্ধু পরিষদ এবং শাপলা ফোরামের একাংশের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান এবং শাপলা ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের ঘটনাকে অনাকাংক্ষিত ও অনভিপ্রেত বলে আখ্যায়িত করেন।
এ বিষয়ে ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজু বলেন, আমি ভিসি স্যারের সঙ্গে দেখা করে ক্যাম্পাসের সৃষ্ট সমস্যা সমাধানের জন বলেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান যুগান্তরকে বলেন, যে ঘটনা ঘটেছে সেটি দু:খজনক।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ভিসি স্যারের সঙ্গে কথা হয়েছে বিষয়টি দেখা হচ্ছে।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ব্যক্তি স্বার্থচরিতার্থ করতে যারা ছাত্রলীগের নাম ব্যবহার করছে তাদের ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।
ঘটনার সত্যতা শিকার করে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার যুগান্তরকে বলেন, ছাত্রলীগ নেতাদের আচরণে আমি বিস্মিত হয়েছি।


