অস্কার, গোল্ডেন গ্লোব, বার্লিন কিংবা কান চলচ্চিত্র পুরস্কার জয়ের জন্য প্রায়শই খবরে আসেন আমেরিকান নির্মাতা, প্রযোজক ও অভিনেতা উডি অ্যালেন। অসংখ্যবার বিশ্বের জৌলুসময় সব সিনেমা পুরস্কার তার ঝুলিতে ঢুকেছে। বিশ্বখ্যাত এই নির্মাতা আবারও খবরের শিরোনামে! কারণ তার ছবি প্রদর্শনীর মাধ্যমেই পর্দা উঠেছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের ৬৯ তম আসরের!
‘মিডনাইট ইন প্যারিস’ খ্যাত আমেরিকান নির্মাতা উডি অ্যালেননের নতুন সিনেমা ‘ক্যাফে সোসাইটি’ প্রদর্শনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের। প্যালেস দ্যু ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হয় ছবিটি। যদিও ছবি প্রদর্শনীর আগে হানা দিয়েছিল বৃষ্টি। কিন্তু সব বাধা অতিক্রম করে ছবিটি প্রদর্শীত হয়।
উডি অ্যালেনের নতুন ছবি ‘ক্যাফে সোসাইটি’র গল্পটি এগিয়ে যায় এক তরুণকে ঘিরে। ১৯৩০-এর দশকে চলচ্চিত্র শিল্পে কাজ করার আশায় হলিউডে পা রাখে সে। এরপর এক তরুণীর প্রেমে পড়ে। এই মেয়েটিও হলিউডের উঠতি তারকা। ছবিটিতে তরুণ-তরুণীর চরিত্রে অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ ও ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছাড়াও আছেন ব্লেক লিভলি, পার্কার পসি ও স্টিভ ক্যারেল।
এর আগে উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে এগারোটার দিকে গত আসরের সেরা অভিনেতা ফরাসি তারকা ভিনসেন্ট লান্দন ও মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন কান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোভন ঘোষণা করেন। এসময় মঞ্চে ছিলেন জুরিবোর্ডের সদস্যসহ বিশ্বখ্যাত তারকা অভিনেতা অভিনেত্রী ও গণমাধ্যমকর্মীরা।
কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের জুরিবোর্ডের প্রধান হিসেবে চলতি বছরে ‘মেড ম্যাক্স ফিউরি রোড’ অস্কারজয়ী নির্মাতা, প্রযোজক ও অস্ট্রেলিয়ান লেখক জর্জ মিলার ছাড়াও সহ-বিচারক হিসেবে জুরিবোর্ডে আছেন নির্মাতা আর্নড ডিসপেলচিন, অভিনেত্রী ক্রিস্টেন ডান্সট, অভিনেত্রী ও নির্মাতা ভ্যালেরিয়া গলিনো, অভিনেতা ম্যাডস মিকেলসেন, লেজিও নেমেস, অভিনেত্রী ও শিল্পী ভেনিসা প্যারাডিস, প্রযোজক কাটায়ন সাহাবি ও অভিনেতা ডোনাল্ড সাথারল্যান্ড।
উদ্বোধনী উৎসবকে ঘিরে পুরো কান শহরে এলিট ফোর্স ছাড়াও সাধারণ পুলিশ ও অন্যান্য নিরাপত্তারক্ষীরা উৎসবটিকে ঘিরে সজাগ থাকবেন পুরো ১২টি দিন। কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় পাম ডি’ওর-এর জন্য এবার লড়ছে বিশ্বের মোট ২১টি সিনেমা।এরমধ্যে এশিয়া থেকে আছে দুটো ছবি।
অন্যদিকে কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে ব্যাপক সতর্কতা জারি ছিল পুরো কান শহরজুড়ে। গত বছরের নভেম্বরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছিল শতাধিক মানুষ। সন্ত্রাসী হামলার সেই ভয়ঙ্কর স্মৃতি মাথায় নিয়ে ফ্রান্সের দক্ষিণের শহর কানে পর্দা উঠলো আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের।



