বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

kustia_12654_1463024268কুষ্টিয়ার দৌলতপুরে আক্কাস আলী (৩৮) নামে এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নাসির নামে আরেক যুবলীগ নেতা আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী উপজেলার দৌলতখালী গোডাউন মোড় গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগকর্মী আক্কাস আলী ও যুবলীগ নেতা নাসিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে প্রাগপুর থেকে দৌলতপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রাগপুর মাঠের মধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১৫-২০ জনের একদল সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় আক্কাস আলী মোটরসাইকেল না থামিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করলে সন্ত্রাসীরা তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় সন্ত্রাসীরা আক্কাসের বুকে রামদা ও হাতকুড়াল দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা যুবলীগ নেতা নাসির দৌড়ে পাশের গ্রামের ভেতরে গিয়ে প্রাণে রক্ষা পায়।

খবর পেয়ে মথুরাপুর ক্যাম্পের পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আক্কাস আলীর লাশ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা তাদের হত্যা করলে মোটরসাইকেল রেখে যাওয়ার কথা নয়।

দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন