চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতারা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের হাতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত এ স্মারকলিপি তুলে দেন।
প্রশাসনের অভ্যন্তরে থাকা আওয়ামীবিরোধী একটি মহলের প্ররোচনায় সুপরিকল্পিতভাবে রনিকে মিথ্যা অপবাদে গ্রেপ্তার করা হয়েছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।
রণির মুক্তিতে দলীয় সভানেত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপিতে বলা হয়, একজন মেধাবী ছাত্রনেতা যার বলিষ্ট ভূমিকায় শিবিরের আখড়া বলে পরিচিত চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে মুক্তিযুদ্ধের চেতনার জয়গান চলছে, তাকে এভাবে একটি মহলের ঘৃণ্য অপচেষ্টার বলি হতে হবে- তা মেনে নেওয়া যায় না।
রনির বিরুদ্ধে ষড়যন্ত্রের তদন্ত করে জেলহাজত থেকে তার মুক্তির বিষয়ে নেত্রীর হস্তক্ষেপ কামনা করেন ছাত্রলীগ নেতারা। তার মুক্তির দাবিতে নগরীতে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে মহানগর ছাত্রলীগ।
গত ৭ মে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেপ্তার করা হয় রনিকে। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র ও গুলিসহ নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয় বলে দাবি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর।
ওইদিন রাতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে কর্তব্যরত বিচারিক হাকিম রনিকে দুই বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ। ৮ মে সকালে রনিকে কারাগারে পাঠানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় নগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাইদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও নগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী উপস্থিত ছিলেন।


