বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তাহসান-মমর ‘এখন আর রূপকথা হয় না’

tahsan-momoসঙ্গীত আর ছোটপর্দার এক জনপ্রিয় নাম তাহসান। ছোটপর্দা ও চলচ্চিত্রের প্রিয় মুখ জাকিয়া বারী মম। এই দুই তারকাকে জুটি করে ২০১৩ সালে ‘নীলপরী নীলাঞ্জনা’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেন শিহাব শাহীন। ওই বছরই মাবরুর রশীদ বান্নার ‘এক্লিপস’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা।

মাঝে পার হয়ে গেছে তিনটি বছর। তিন বছর পরে আবারও তাদের জুটি করে নাটক নির্মাণ করছেন শিহাব শাহীন। ‘এখন আর রূপকথা হয় না’ শিরোনামের নাটকটি যৌথভাবে লিখেছেন ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা করছেন শিহাব শাহীন।

১০ মে থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। তাহসান ও মমর পাশাপাশি এতে আরও আছেন মুনিরা মিঠু, মারজুক রাসেল প্রমুখ।

নাটকটিতে দেখা যাবে, ছেলেটির বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু আকস্মিক সাক্ষাতে অন্য একটি মেয়েকে তার মনে ধরে, ভালোবেসে ফেলে তাকে। কিন্তু বাস্তবতা মেনে ছেলেটি পূর্ব নির্ধারিত পাত্রীকেই বিয়ে করতে সম্মত হয়। বাঁক নেয় তাহসান ও মম অভিনীত নাটকের গল্প।

নির্মাতা সূত্রে জানা গেছে আসছে ঈদুল ফিতর উপলক্ষে এনটিভিতে প্রচারের জন্য নির্মত হচ্ছে নাটকটি।

আরও পড়ুন