বুধবার ৪ নভেম্বর ২০২৬

আরেকটি গণঅভ্যুত্থানের ডাক আমানের

amanনব্বইয়ের মতো আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। ইলিয়াস আলী কোথায় আছে তার ‘জবাব নেই’ উল্লেখ করে আমান আরো বলেন, ‘দেশে অগণতান্তিক কর্মকাণ্ড, গুম-খুন অব্যাহতভাবে চলছে। এই গুম-খুন থেকে রেহাই পেতে আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে।’

জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক মো. রহমাতুল্লাহ শিশিরের লেখা ‘শালচাঁদর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুক্রবার বিকালে তিনি একথা বলেন।

আমান বলেন, ‘অগণতান্ত্রিক, অনৈতিক সরকারের পতন হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক সরকারে প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।’

৯০ দশকের এই ছাত্রনেতা বলেন, ‘সরকার মুখে বলে গণতন্ত্র, ভেতরে একনায়কতন্ত্র। কথা বললেই মামলা হচ্ছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে। শুধু বিএনপি নয়, যারাই কথা বলছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। অনেক সাংবাদিক জেলে, মাহমুদুর রহমান মান্না কারাগারে।’

নির্বাচিত মেয়ররা কে কোথায় এমন প্রশ্ন রেখে আমান বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে নির্বাচিত মেয়রদের কারাগারে নেওয়া হয়েছে। গাজীপুরের মেয়র এম এ মান্নানকে হাইকোর্ট থেকে আবারও মেয়রের দায়িত্ব নেওয়ার আদেশ হলে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়। কথায় কথায় এই সরকার মামলা দিচ্ছে।’

নড়াইল লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম হায়াতুজ্জামান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবীব।

আমন্ত্রিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ অনুষ্ঠানে যোগ দেননি। এছাড়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নাম লেখা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন