কুমিল্লা সদর উপজেলায় গুলিতে এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার নোয়াপাড়া এলাকার এ ঘটনায় নিহতের নাম রকিবুল ইসলাম মুকুল (৫০)। তিনি নোয়াপাড়া গ্রামের মৃত একেএম ইউনুছ মিয়ার ছেলে এবং ওই এলাকার প্রিয়া ডেকোরেটরের স্বত্বাধিকারী।
এ সময় গুলিতে রিফাত, রিপন, সাইফুল ও ইফরান নামের আরও ৪ ব্যক্তি আহত হয়েছেন। তাদের আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে মুকুল বাড়ি যাওয়ার পথে ৭ থেকে আটজন ব্যক্তি তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে তারা গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুকুল ঘটনাস্থলেই নিহত হন।
তারা জানান, এ সময় গুলিতে আহত হন একই গ্রামের রিফাত, রিপন, সাইফুল ও ইফরান নামের আরও ৪ ব্যক্তি। আহতদের আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের গফুর মেম্বারের ছেলে আরিফের নেতৃত্বে ওই হামলা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আরিফের লোকজনের সাথে নিহত মুকুলের লোকজনের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতয়ালী থানার এসআই মজনু জানান, গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত ও আরও ৩ থেকে ৪ জন আহত হয়েছেন।
এসআই জানান, তবে কি কারণে এ খুনের ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছ।


