বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নির্বাচনে মৃত ও প্রবাসীরাও ভোট দিয়েছেন: শতভাগ ‘কাস্ট’

Up_election-dইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম-সহিংসতা বাড়ার অভিযোগের মধ্যে দুই কেন্দ্রে শতভাগ ভোট পড়ার খোঁজ পেয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা চলতি মাসের ৭ তারিখের এই ভোট নিয়ে অভিযোগ না করলেও ইসিতে পাঠানো কেন্দ্রভিত্তিক একীভূত ফলের তথ্য পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউপির দুই কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। নির্বাচনে পরাজিত প্রার্থী বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ সংক্রান্ত অভিযোগও জমা দিয়েছেন।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “এটা অসম্ভব! কেন্দ্রের সব ভোট পড়ার সুযোগ নেই।

“বিদ্যমান তালিকায় দুয়েকজন মৃত ভোটার, প্রবাসী কিংবা অন্য এলাকায় নির্বাচনী দায়িত্বে থাকা ভোটার থাকেই। শতভাগ ভোট পড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।”

ইসি কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত না করে গেজেট প্রকাশ করা হবে না। অনিয়ম নিয়ে দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা ভোটের দিন কোনো অভিযোগ না জানানোয় ‘ক্ষোভ’ প্রকাশ করা হয়েছে। শিগগির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক ফলে দেখা গেছে, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৫২ ভোটের সবকটি দেওয়া হয়েছে। এরমধ্যে নৌকা প্রতীকে ৮৪৩টি ও হাতপাখায় ১টি এবং বাতিল হয়েছে ৮ ভোট।

বটতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এক হাজার ৯০ ভোটের মধ্যে নৌকা প্রতীকে এক হাজার ৭৩টি, ধানের শীষে ৩টি ও হাতপাখায় ৪টি ভোট পড়ে। কেন্দ্রে বাতিল হয় ১০ ভোট।

চরআড়ালিয়া ইউপির নয়টি কেন্দ্রে মোট ভোটার ১০ হাজার ১০০। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮ হাজার ৫৩২টি। বাতিল হয়েছে ১১০ ভোট। বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান সরকার নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৪৮টি। বিএনপির প্রার্থী মো. হাসানুজ্জামান ধানের শীষ প্রতীকে ৩ হাজার ২৮৫টি এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহানশাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৯৯টি ভোট।

রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চরআড়ালিয়া ইউপির দুই কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়টি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জেনেছি। বিষয়টি নিয়ে কমিশন তদন্ত করতে পারে; এখন ইসির সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

কেন্দ্র স্থগিত থাকলেও গেজেট
চলমান ইউপি নির্বাচনে একটি কেন্দ্র স্থগিত থাকলেও ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হলে নির্বাচিতদের ফল গেজেটে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আগে কোনো কেন্দ্র স্থগিত রেখে গেজেট প্রকাশ করা হত না।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, কোনো ইউপিতে মাত্র একটি কেন্দ্রের ভোট স্থগিত থাকলে চেয়ারম্যান পদের গেজেট প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই কেন্দ্র ছাড়া বাকি ওয়ার্ডের সদস্য পদে বিজয়ীদের গেজেটও করা হবে।

তিনি বলেন, “মাস ধরে ইউপি ভোট চলছে। এ অবস্থায় ফল নির্ধারিত হওয়ার পরও গেজেট আটকে থাকলে অসুবিধা হয়। সার্বিক বিষয় পর্যালোচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। স্থগিত কেন্দ্রের পুননির্বাচনের পর ওই ওয়ার্ডের সদস্যদের গেজেট করা হবে।”

প্রথমবারের মতো দলীয় ভিত্তিকে ইউপি ভোট হচ্ছে এবার। চার ধাপের ভোট শেষ হয়েছে। ২৮ মে ও ৪ জুন পরবর্তী দুই ধাপের ভোট হবে।

আরও পড়ুন