বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রমোদ মানকিনের শেষকৃত্য দুপুরে

indexসমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের শেষকৃত্য আজ শুক্রবার দুপুর ১২টার পর অনুষ্ঠিত হবে। নিজ গ্রাম কচুন্ধরার পারিবারিক সমাধিস্থলে তাঁকে সমাহিত করা হবে।

এ মুহূর্তে প্রমোদ মানকিনের মরদেহ রাখা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিড়ইঢাকুনি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহ শহরের ভাটিকাসর ক্যাথলিক চার্চে প্রমোদ মানকিনের মরদেহ আনা হয়। সেখানে বিশপ পনেন পলকুবির নেতৃত্বে প্রার্থনা ও স্মরণসভা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।

স্মরণসভা শেষে মধ্যরাতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মরদেহ হালুয়াঘাটে নেওয়া হয়।

গত বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমোদ মানকিন। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রমোদ মানকিন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও সভাপতি ছিলেন তিনি।

আরও পড়ুন