বাসচাপায় খাগড়াছড়ির মাটিরাঙার বাইল্যাছড়িতে নাহিদা আক্তার সুমাইয়া (৬) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া মাটিরাঙা দারুসুন্না মাদ্রাসা প্রথম শ্রেণির ছাত্রী এবং বাইল্যাছড়ির জাফর আলির মেয়ে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন টিটু জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি দ্রুতগামীর বাস (চট্ট মেট্রো-ট-১১০২২৩) বাইল্যাছড়ি এলাকায় নাহিদা আক্তার সুমাইয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা প্রায় দেড় ঘণ্টা খাগড়াছড়ি-ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মাটিরাঙা থানার পুলিশের মেসেজ পেয়ে তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে চালকসহ বাসটি জব্দ করেছে।


