রাজধানীতে আবারও টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে র্যাব। আসন্ন পবিত্র শব-ই-বরাত ও মাহে রমজানে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু হচ্ছে। ডিএমপি’র সদর দপ্তরে এক বৈঠকে এ সিন্ধান্ত হয় বলে জানা যায়।
বিভিন্ন অপরাধ বিশেষত চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি, শুটিং ইনসিডেন্ট, খুন, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালিত হবে। গত মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, রমজান মাসে মার্কেটগুলোতে চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ইভটিজিং এর মতো অপতৎপরতা ঠেকানোর জন্য এবার থাকছে পূর্ব পরিকল্পনা ও প্রতিরোধমূলক কার্যক্রম। এ অভিযানে সব ধরনের তালিকাভুক্ত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার, মাদক বিরোধী অভিযান পরিচালনা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলার আসামি গ্রেপ্তার, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য কার্যকরভাবে নিয়ন্ত্রণসহ বিভিন্ন আবাসিক এলাকা, বস্তি, মেস ও আবাসিক হোটেল ব্লকরেইড কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী ১৪ থেকে ২০ মে পর্যন্ত পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হবে।
এদিকে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে র্যাব। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়কে র্যাবের এ কার্যত্রম দেখা গেছে। র্যাবের কর্মকর্তরা হাতে যানবাহন নিয়ন্ত্রণ ও গাড়ির চাকা পাংচার প্রতিরোধক ডিভাইস মেশিন নিয়ে চেকপোস্টগুলোতে তল্লাশি চালাচ্ছেন।
সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টাকারী যানবাহনের গতি রোধে এ মেশিন ব্যবহার করা হয়। নবনিযুক্ত র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল আনোয়ার বলেন, প্রতিষ্ঠার পর থেকেই র্যাব দেশের জনগণের নিরাপত্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিগত দিনেও র্যাব বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে। তবে সম্প্রতি এটি জোরালো করা হয়েছে।


