প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে একের পর এক বিস্ময়ই উপহার দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ে মুগ্ধ এখন পুরো ক্রিকেটদুনিয়া। ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলকে নিয়ে গেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। আর মুস্তাফিজের এমন পারফরম্যান্সে মুগ্ধ সাকিব আল হাসান। বললেন, সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজই সেরা।
দীর্ঘ বিরতির পর শনিবার ইডেন গার্ডেনে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের কলকাতা। এর আগে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, মুস্তাফিজুর অসম্ভব প্রতিভাবান একজন ক্রিকেটার। সীমিত ওভারের ক্রিকেটে ও এখন বিশ্বের সেরা পেসার।
সংবাদমাধ্যমকে তিনি আরো বলেন, সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ খুব ভাল খেলছে। তবে টেস্ট ক্রিকেটে আরো ভাল খেলতে হবে। টেস্ট জিততে হবে। তবেই সকলের কাছ থেকে আরো সমীহ আদায় করে নিতে পারবো।


