বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য ৩ প্রার্থীর নাম সুপারিশ করেছে সার্চ কমিটি। রোববার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠক শেষে কমিটির প্রধান কাজী খলীকুজ্জামান সাংবাদিকদের তথ্যটি জানিয়েছেন।
খলীকুজ্জামান বলেন, ‘আজকে আমাদের শেষ বৈঠক ছিল। ২১ জনকে আমরা ডেকেছিলাম, এর মধ্যে ৩ জন আসেনি। যারা এসেছিল তাদের মধ্যে আমরা সব যাচাই-বাছাই করে সবচেয়ে যে তিনজনকে উত্তম মনে হয়েছে তাদের নাম সুপারিশ করেছি। এখন সরকার যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে কাকে এবং কবে নিয়োগ দেয়া হবে। নিয়োগ দেয়ার আগে এনএসআইয়ের মাধ্যমে তদন্ত করবে।’
সুপারিশকৃত নাম জানতে চাইলে তিনি বলেন, ‘এর বেশি কিছু বলতে পারব না।’
গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার শ্রীলঙ্কা ও ফিলিপাইনে স্থানান্তরিত করে দুর্বৃত্তরা। এর প্রায় এক মাস পর ফিলিপাইনের ইনকোয়ারার পত্রিকায় অর্থপাচার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর রিজার্ভ চুরির বিষয়টি ফাঁস হয়।
এ ঘটনার জের ধরে গভর্নর পদ থেকে সরে যান ড. আতিউর রহমান। একইসঙ্গে আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে ডেপুটি গভর্নরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপরই নতুন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য কাজী খলীকুজ্জামানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন- গভর্নর ফজলে কবির, বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুর্শিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোকুলচাঁদ দাস।
কমিটি গত মার্চের শেষের দিকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। ডিজি নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারির পর নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৬০টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে বাছাই করে ২১ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।


