ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, জুনের পর বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিম ২ মাস বন্ধ থাকবে। বন্ধ হয়ে যাওয়া এই সিমগুলো পরবর্তী দুই মাস পর্যন্ত কেউ কিনতে পারবেন না। ২ মাস পর সিমটি বিক্রি করা হবে। এক্ষেত্রে সিমের প্রকৃত মালিক সিমটি কিনতে অগ্রাধিকার পাবেন।
তিনি আজ রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তারানা হালিম জানান, ৩১ মে রাত ১২টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করা যাবে। এরপর থেকে সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়া এই সিমগুলো পরবর্তী দুই মাস পর্যন্ত কেউ কিনতে পারবেন না। সিমের মালিকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
প্রতিমন্ত্রী জানান, দুই মাস পর থেকে পরবর্তী ১৬ মাস পর্যন্ত (যারা বিদেশে আছেন, তাদের জন্য পরবর্তী ১৮ মাস পর্যন্ত) কিনে পুনর্নিবন্ধন করে চালাতে পারবেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির ভাইস-চেয়ারম্যান আহসান হাবিব খানসহ মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


