ঢাকার সায়েদাবাদ এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ে এবং খিলক্ষেত এলাকায় বাইক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সায়েদাবাদের ঘটনাটি ঘটে রাত ১২টার দিকে। রিকশায় করে গেণ্ডারিয়ার থানার ধুপখোলা এলাকায় বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন মাহিনুর বেগম ও তার পাঁচ বছর বয়সী মেয়ে শাহনাজ। মাহিনুরের স্বামী লেবু মিয়া রাত ১টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির আনসার সদস্য মো. শামীম জানান।
লেবু মিয়ার বরাত দিয়ে শামীম বলেন, জনপথের মোড়ের কাছে একটি কভার্ডভ্যান মাহিনুর ও শাহনাজের রিকশাকে চাপা দিয়ে যায়। লেবু ছিলেন আলাদা রিকশায়। এক আত্মীয়র বাড়ি থেকে বাসায় ফিরছিলেন তারা। এদিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জে সড়কে অন্য দুর্ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে।
মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন গুলশান থানার এস আই মো. সাইফুল ইসলাম। ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার সহকর্মী এসআই মো. আলমগীর কবির জানান। সাইফুলের বাইক ঠিক কীভাবে দুর্ঘটনায় পড়েছিল, তা জানাতে পারেননি তিনি।


