ফরমান আলী, এন্টারটেইনমেন্ট এডিটর
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব চলছে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের কান শহরে। কানের ঐতিহ্যবাহী লাল গালিচার ওপর দিয়ে কোন তারকা কেমন পোশাক পরে কিভাবে হেঁটে গেলেন তা নিয়ে মিডিয়ায় লেখালেখির শেষ নেই। কার পোশাকের রং কি, কার পোশাক কতটা আকর্ষনীয়, কার কানের দুলের দাম কত, কার ব্লেজারে নতুন ধরনের বোতাম লাগান, কার চুল বাঁধাটা সুন্দর- কোন কিছুই বাদ যায়না সমালোচকের দৃষ্টি থেকে।
এবারের কান উৎসবও মেতে উঠলো রাশিয়ান টিভি অভিনেত্রীর চুলের বাহারে। এলেনা লিয়েনার অদ্ভুত হেয়ার স্টাইল দেখে তাজ্জব বনে গেছেন সবাই। এমন চুল আর খোঁপাও হয় নাকি! ৩৫ বছর বয়েসি এই তারকা শুক্রবার রাতে ‘ইর্যাসশনাল মান’ এর প্রিমিয়ারে এসে যেন সবার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হলেন। যখন পুরো কান ফেস্টিভ্যাল এমা স্টোন, মাইকেল রদ্রিগেজ এবং শেরিল ফ্রানান্দেজ এর লাল গালিচায় আবির্ভাব নিয়ে ব্যস্ত তখন এলেনার এই পাহাড় সমান খোঁপা সবার নজর কেড়ে নিল! তিনি তার মাথার ওপর নিজের চুলের সঙ্গে মিলিয়ে আলাদা বিশাল আকারের একজোড়া হ্যাম্প লাগিয়েছিলেন। তার পরনে ছিল লম্বা কালো ঝলমলে লেইসের গাউন, যা সবার নজড় কেড়েছে। আউট ফিটে যোগ করেছিলেন লম্বা কানের দুল এবং পায়ে ছিল ব্ল্যাক হিল।
এদিকে কান উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে জ্বলে উঠলেন বলিউড হার্টথ্রুব ক্যাটরিনা কাইফ। প্রথমবার গিয়েই বাজিমাত করে দিয়েছেন তিনি। কান এখন এই বলিউড ডিভার রুপ প্রশংসায় পঞ্চমুখ। ফ্রেঞ্চ রিভিয়েরায় দ্বিতীয় দিনেই নিজেকে চিনিয়ে দিলেন ক্যটরিনা কাইফ। স্কারলেট রেড এলি স্যাব গাউনে এদিনের সেরা বাজি জিতে নিলেন তিনিই। রেড কার্পেট ক্যাট পা রাখতেই মনে হল যেন বাগান থেকে সদ্য তুলে আনা হল এক গোছা তাজা লাল গোলাপ। লোরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাড হিসেবে এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন ক্যাট। এ দিন ছিল তার রেড কার্পেটে দ্বিতীয় দিন। প্রথম দিন কালো লেসের স্ট্র্যাপলেস অস্কার দে লা রেনতা ইভনিং গাউনে নজর কাড়ার পর দ্বিতীয় দিনে নিজেকেও ছাপিয়ে গেলেন তিনি।
সোনম কাপুর এবার নীল আলোর ঝলকানি ছড়িয়ে কান উৎসবের মধ্যমণি হয়ে উঠেছেন। গতকাল পঞ্চম বারের মত লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে রালফ অ্যান্ড রুশোর তৈরি নীল রঙা গাউন পরে হাজির হন তিনি। লাল গালিচায় পা ফেলামাত্র তিনি কেড়ে নেন আলোকচিত্রীদের নজর। এক্ষেত্রে বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা পর্যন্ত মার খেয়ে গেছেন তার কাছে। দিনে দিনে তার স্টাইল এবং রুপের মাধুর্য্য যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি খুলে গেছে কপাল। এবছর কান উৎসবে তার জনপ্রিয়তা দেখে লরিয়াল প্যারিস পরবর্তী ৫ বছরের জন্য আবারও সোনমকে তাদের পণ্যদূত হিসেবে নির্বাচন করেছেন। অথচ প্রথমবারের মত কানে অংশগ্রহণ করে ক্যাট ভেবেছিলেন, তিনি হবেন লরিয়েল প্যারিসের পরবর্তী দূত। কিন্তু শেষ পর্যন্ত ক্যাটরিনাকে হারিয়ে সে সম্মান অর্জন করে নিয়েছে সোনম কাপুর। শুধু তাই নয়, এ বছর মাত্র পাঁচ ঘণ্টায় তিনবার রূপ বদলেছেন ২৯ বছর বয়সী এই ভারতীয় অভিনেত্রী। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা শাড়িতে তাকে দেখা গেছে সংবাদ সম্মেলনে।
একই মঞ্চে সালমা হায়েক ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কানে পৌঁছেই প্রথম দিনটা ঐশ্বরিয়া কাটিয়েছেন জেন্ডার বৈষম্যবিষয়ক একটি আলোচনা সভায়। ভ্যানিটি সাময়িকী আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েকও। তিনি উৎসবে এসেছেন টেল অব টেলস ছবির প্রচারণায়। ঐশ্বরিয়া ও সালমা দুজনই আলোচনায় বলেছেন চলচ্চিত্রশিল্পের মানুষদের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের কথা। ঐশ্বরিয়া রাই এসেছেন কন্যা আরাধ্য ও মাকে নিয়ে। শোনা যাচ্ছে, এরই মধ্যে এসে পৌঁছাবেন স্বামী অভিষেক বচ্চনও। ঐশ্বরিয়া তাঁর নতুন ছবির প্রচারণাটাও এই ফাঁকে কান উৎসবে সেরে নিতে চান।
কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বের সব খ্যাতনামা অভিনেত্রীরাই এবার বেশ জমকালো সাজ নিয়ে এসেছেন, কিন্তু সত্যিকার অর্থে কান কি পোশাক কিংবা ফ্যাশন দেখানোর জায়গা? এই প্রশ্ন এখন প্রায় সব মহলের মুখেই, আর এই পোশাক ও ফ্যাশন নিয়ে সমালোচনা করেছেন বলিউডের বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমী। এক টুইটে তিনি বলেন, ‘মনে হচ্ছে কান শুধু পোশাক প্রদর্শনের জায়গা! কিন্তু এটি আসলে ফ্যাশন শো নয়, এটি একটি চলচ্চিত্র উৎসব।’ সত্তরের দশকে কান উৎসবে যাওয়ার অভিজ্ঞতাও টুইটে শেয়ার করেন শাবানা। এই অভিনেত্রী জানান, তিনি যখন ওই উৎসবে যোগ দেন তখন সময়টা অন্যরকম ছিল। কানে তখন চলচ্চিত্র উৎসব হত, কোন ফ্যাশন শো হত না।


