বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কার্যালয় থেকে বের হয়ে যান ব্রিটিশ হাইকমিশনার।
তবে বিএনপি চেয়ারপারসেনর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। মূলত বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যস্ততার কারণে তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করতে পারেননি। সেজন্য এই সৌজন্য বৈঠকটি হলো।
অ্যালিসন ব্লেক চলতি বছরের শুরুতে প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হন।
অ্যালিসন ব্লেক ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তানে ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এর আগে তিনি যুক্তরাষ্ট্রে ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি, ফরেন কমনওয়েলথ অফিসের বিভিন্ন পদ, ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।


