বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপিকা রহস্যজনক নিখোঁজ

untitled-1-jugantor_13345_1463539894মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপা (২৫) মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

আত্মীয়দের দাবি তুলে নেয়ার হুমকি পেয়ে থানায় জিডি করে ফেরার পথে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

তবে তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন না তাকে অপহরণ করা হয়েছে সেটা নিশ্চিত করেতে পারেনি মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ ও পুলিশ। আত্মীয় এবং সহকর্মীরা বলছেন, তাকে বিভিন্ন সময়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়ছিল। তার বাসা গুলশানের নিকেতন এলাকায়।

মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার মাহমুল হাসান সোহেল জানান, ‘বিভিন্ন সময় নিপাকে টেলিফোনে তুলে নেয়ার হুমকি দেয়া হতো বলে তিনি অফিসকে জানিয়েছেন। এ কারণে মঙ্গলবার সন্ধ্যায় গুলশান থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাত ৯টার দিকে তিনি জিডি শেষে সিএনজি অটোরিকশাযোগে লালমাটিয়ায় রওয়ানা হন। ওই সময় গুলশান আড়ং এলাকা থেকে সর্বশেষ তিনি বাসায় যোগাযোগ করেছেন। রাত সাড়ে ৯টার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি কারও সঙ্গে কোথাও যাওয়ার বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

নিপার সাবেক এক সহকর্মী জানান, ‘নিপার সঙ্গে তার স্বামী রুহুল আমিনের কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মামলা তুলে নেয়ার জন্য নিপাকে বিভিন্ন সময়ে হুমকি দেয়া হয়। যার পরিপ্রেক্ষিতে নিপা মঙ্গলবার গুলশান থানায় একটি জিডি করেন। নিপাকে তুলে নেয়ার সময় তিনি তার ভাবির সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি বেশ তর্কাতর্কি শব্দ শুনতে পান। এরপর থেকে নিপার ফোন বন্ধ পাওয় যাচ্ছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রাত সাড়ে ১২টায় নিপার ভাবি জানান, নিপার ভাই গুলশান থানায় জিডি করতে গিয়েছেন। জিডি হয়েছে কিনা জানি না। নিপাকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। এতে অনেকেই মাছরাঙা টেলিভিশন কার্যালয়ে ফোন করে বিষয়টি জানতে চান। কিন্তু মাছরাঙার কার্যালয় থেকে এ বিষয়ে কোনো তথ্যই জানানো হয়নি। বরং দীর্ঘ সময় লাইনে রেখে দেয়া হয়। তিনি দেড় বছর ধরে মাছরাঙায় কাজ করেছেন। এর আগে এটিএন নিউজে ছিলেন।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, যে এলাকা থেকে নিপা নিখোঁজ হয়েছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি সেটা পড়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। ওই থানার ওসি মো. আবদুর রশীদ জানান, সাংবাদিকদের মাধ্যমে আড়ংয়ের সামনে থেকে নিখোঁজ হওয়ার খবর শুনেছি। কেউ থানায় জিডি করতে আসেনি। তাছাড়া তিনি কোন এলাকা থেকে অপহৃত হয়েছেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তিনি গুলশান আড়ং এলাকায় টহল পুলিশ পাঠিয়েছেন।

আরও পড়ুন