বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শিক্ষক লাঞ্ছনাকারীদের সরকার ছাড় দেবে না: তথ্যমন্ত্রী

enu-সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে উঠবস করানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, “যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে সরকার তাদের এক চুলও ছাড় দেবে না। আইন নিজের হাতে তোলার অধিকার কারো নেই।”

সিলেট সফরকালে বুধবার হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার উৎখাতে খালেদা জিয়ার ৯৩দিনের আগুন যুদ্ধে অনেক নিরীহ মানুষ নিহত ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে। চক্রান্তের রাজনীতি অব্যাহত রাখতে নির্দিষ্ট ছকে গুপ্ত হত্যা চলছে। এই ছকেই ব্লগার, প্রকাশক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ সাধারণ মানুষ খুন হচ্ছে। জামায়াত ও রাজাকারদের সঙ্গ না ছাড়া পর্যন্ত গুপ্ত হত্যার জন্যে খালেদা সন্দেহের তালিকায় থাকবেন।

এদিকে বিকেলে তথ্যমন্ত্রী সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদের কর্মীসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, চল্লিশ বছর পর দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মানুষ পোড়ানো, গুপ্ত হত্যার দায়ে খালেদা জিয়ারও বিচার একদিন হবে। নারী বলে খালেদা জিয়া রেহাই পাবেন না।

সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন