যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতে নিষ্ক্রিয় জঙ্গি সদস্যদের সক্রিয় করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
“বিভিন্ন মহল বাংলাদেশে জঙ্গিদের উস্কে দিচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতে নিষ্ক্রিয় জঙ্গিদের সক্রিয় করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। এর মধ্যে একটি দল জঙ্গিদের মদদ দিচ্ছে।”
শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স টেলিকম অডিটরিয়ামে নবগঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জঙ্গিবাদকে উসকে দেওয়ার জন্য ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে। সে উদ্দেশ্য বাস্তবায়ন হবে না।
জঙ্গিবাদের সমস্যা শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই রয়েছে বলে দাবি করেছেন কামাল।
অপরাধ নিয়ন্ত্রণে সদ্য গঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) সদস্যদের প্রশিক্ষণ দিতে সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিকাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) সদস্যরা বাংলাদেশে এসেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিঙ্গাপুরের আইসিপিভিটিআর যৌথভাবে এ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে।
তিনি বলেন, ‘সিটি ইউনিটে সক্ষমতা বাড়াতে আমরা কাজ করছি। এই ইউনিটকে শক্তিশালী করতে যত প্রকার প্রশিক্ষণ ও কর্মশালা প্রয়োজন তার ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে যাতে দেশে জঙ্গি মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে পুলিশের বিশেষ এ ইউনিটকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সিটি ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, সিঙ্গাপুরের আইসিপিভিটিআর’র প্রধান ড. রোহান গুনারত্ন প্রমুখ উপস্থিত ছিলেন।


