বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এ সরকারের আমলে গডফাদারের হাতে আইন: বিএনপি

ruhul-kobirভোটারবিহীন সরকারের আমলে জেলায় জেলায় গডফাদার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এ সরকারের আমলে গডফাদারের হাতে আইন। তারাই বিচার করবে। প্রচলিত আইনের কোন বালাই নাই। আজকের এই পবিত্র শবেবরাতের দিনে আমরা আল্লাহতালার কাছে দোয়া করবো আমরা যেন এ দুঃশাসন থেকে মুক্তি পাই।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রোববার বিকেলে শবে বরাত উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। মানুষের জীবন বিপন্ন। সরকার শুধু বিএনপির উপর দোষ ও দায় চাপাচ্ছে। কোন ধর্মের লোক নিরাপদ নয়। শিয়া, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম ধর্মগুরুরা নিহত হচ্ছে। প্রিয় নবীকে কটূক্তি, অপমানিত ও আজেবাজে কথা বলা হচ্ছে। অথচ সরকার র্নিবিকার। গডফাদারদের কথায় কান ধরে ওঠবস করানো ইসলাম সমর্থন করে না। সেকুলারিজমের নামে ধর্মহীনতা চালু হয়েছে। ইসলামে এটা গ্রহণযোগ্য নয়। এর জন্য দেশে প্রচলিত আইন আছে। কিন্তু গড ফাদারেরা এ আইন মানছে না’।

মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, রফিক সিকদার, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

আরও পড়ুন