বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘শ্যামল কান্তির জন্য সর্বোচ্চটুকু করা হবে’

মিজানুর-রহমাননারায়ণগঞ্জের লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সর্বোচ্চ নিরাপত্তা দাবি করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘শ্যামল কান্তি ভক্তের স্বপদে বহাল ও সার্বিক নিরাপত্তা বিধানে যা যা করা দরকার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তার সর্বোচ্চটুকু করা হবে।’

“শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পরিবারকে যে হুমকি দেয়া হচ্ছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবেন। স্বাধীন এই দেশে অন্যসব নাগরিক যেভাবে চলাফেরা করে শ্যামল কান্তিও যাতে সেইভাবে চলতে পারেন সেটা সরকারকে নিশ্চিত করতে হবে।”

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন ড. মিজানুর।

এসময় তিনি শ্যামল কান্তির চিকিৎসার বিষয়েও সরকারকে সুনজর দেয়ার জন্য অনুরোধ জানান।

এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, শ্যামল কান্তির নিরাপত্তা নিশ্চিত করতে তার কেবিনের সামনে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানের নেতৃত্বে ৪ পুলিশ ও ২ আনসার সদস্য অবস্থান করছে।

এর আগে সকালে ওই শিক্ষকের চিকিৎসার খোঁজ নিতে ঢামেকের নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। এ সময় তিনি বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরনের প্রতিবাদ হয়েছে, তাদের (যারা ঘটিয়েছে) প্রতিবাদের ভাষা বোঝা উচিত। আমি মনে করি, তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। ওই সংসদ সদস্যের (সেলিম ওসমান) যদি লজ্জা থাকে তাহলে তিনি সংসদ অধিবেশনে যোগ দেবেন না।’

এ সময় ওই শিক্ষকের স্ত্রী সবিতা হালদারও উপস্থিত ছিলেন। মন্ত্রী শ্যামল কান্তির পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, ‘চিকিৎসার ব্যাপারে কোনো ত্রুটি হবে না। নিরাপত্তার বিষয় নিয়েও দুশ্চিন্তা করবেন না।’

আরও পড়ুন