কিশোরগঞ্জের করিমগঞ্জে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হচ্ছে- কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকার খোকন মিয়ার শিশু ছেলে তাহসানুল হক তাজিন (১০) ও শহরের নগুয়া এলাকার আলামিনের ছেলে আবিদুর রহমান আবির (৭)। তাজিন ও আবির আপন খালাতো ভাই। আবির জেলা শহরের লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলে কেজি শ্রেণীতে, আর তাজিন শহরের আদর্শ শিশু বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, ওই দুই শিশু মায়ের সাথে দেওপুর গ্রামে কাজলা ভূইয়া বাড়িতে তাদের নানা বাচ্চু মিয়ার বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার দুপুরের দিকে তারা বাড়ির সামনে পুকুর পাড়ে ফুটবল খেলছিল। দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে ফুটবল পড়ে গেলে ওই দুই শিশু ফুটবল আনতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


