বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দুদকের ভুয়া পরিচালকের বিরুদ্ধে চার্জশিট

anti_corruption_commission_acc_dudakদুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি এবং প্রতারণা করায় ইকবাল মহিউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার অনুমোদন দিয়েছে দুদক।

মঙ্গলবার কমিশনের সভায় ইকবালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক রফিকুল ইসলাম বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন।

দুদক সূত্র জানিয়েছে, ইকবাল মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৪৬৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে ইকবাল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক এ এস এম রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ সরকারের মনোগ্রাম খচিত একটি ভিজিটিং কার্ডে দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল এম আই চৌধুরী পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় এবং প্রতারণা করে আসছিলেন তিনি। দুদকের কাছে ওই অভিযোগ আসার পর সংস্থার পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের সরেজমিন অনুসন্ধানে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। অনুসন্ধানে বিভিন্নজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনুসন্ধান শেষে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

অভিযুক্ত মহিউদ্দিন চৌধুরীর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে।

আরও পড়ুন