ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ২২ মের এইচএসসি পরীক্ষা পিছিয়ে ২৭ মে নেওয়া হয়। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এই পরীক্ষাটি আরও পেছানো হলো।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ওই দিনের এইচএসসি ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পরীক্ষা ১২ জুন রোববার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টায় ও বিকেলের পরীক্ষা ২টায় শুরু হবে।
মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে পরীক্ষা পেছানোর কথা জানানো হয়। আগামী ২৮ মে পঞ্চম ধাপে ৭৩৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার এ পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা হরতালের কারণে গত ৮ ও ১২ মের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পেছানো হয়েছিল।


