লক্ষ্মীপুরে সদর উপজেলায় দুই সহোদরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- মো. ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহীম হোসেন রতন। তারা পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ির শরিফ উদ্দিনের ছেলে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈদ্দের বাড়িরমোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের চাচাতো ভাই হারুনুর রশিদ জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশের আনোয়ারের চা দোকানের সামনে বসে কথা বলছিলেন ইসমাইল হোসেন ও ইব্রাহিম হোসেন রতন। এসময় একটি সিএনজি অটোরিক্সাযোগে ৫ যুবক ঘটনাস্থলে এসে দুইভাইকে গুলি করে হত্যা করে। একপর্যায়ে একই অটোরিক্সাযোগে হত্যাকারীরা পালিয়ে যায়। হত্যাকারীদের মধ্যে একজন মুখোশ পরা ছিল। পরে দোকানদারের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানায়, ইব্রাহিম হোসেন রতন এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে গত ৪ বছর আগে জেলা আওয়ামী লীগে যোগ দেন। এরপর থেকে আওয়ামী লীগের রাজরীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, ঘটনার খবর পেয়ে গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান জানান, কে বা কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।
এ বিষয়ে তদন্ত চলছে ও দোষীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


