‘ভুল আইনে’ বিচারে ১৪ বছর জেলে থাকা ভোলার আবদুল জলিলকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেওয়া রায় প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম বলেছেন, ‘৫০ লক্ষ টাকা দেওয়াটা রাষ্ট্রপক্ষের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে।’
বুধবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আব্দুল জলিলকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
রায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো বলেন,রায়ে অনেক সময় এরকম ভুলভ্রান্তি হয়। আদালত তার এখতিয়ারের ভেতরে থেকে এ রায়টি বাতিল করেছেন এবং পর্যবেক্ষণ দিয়েছেন যে, একটা লোক সে ওই সময় নাবালক ছিল অথচ তাকে সেইভাবে বিচার করা হয়নি। অনেক কষ্ট তাকে পেতে হয়েছে, এই মামলার জন্য।…আদালতের মতে এটা একটি মিথ্যা মামলা।’
তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রপক্ষের চিন্তা এই জায়গাতেই- রাষ্ট্রপক্ষকে ওই আসামিকে ৫০ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। এখানে রাষ্ট্রের কোনো ভুল নেই। কমপ্লেইন হয়েছে, বিচার হয়েছে। ভুল করলে বিচারক করে থাকতে পারেন বা প্রসিকিউটর করে থাকতে পারেন। এটার জন্য আসামি অবশ্যই খালাস পাওয়ার যোগ্য এবং তাকে যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে থাকে সেক্ষেত্রে জরিমানাটা তার প্রতি আরোপ করা উচিত, মিথ্যা মামলা যে করেছে।’
মাহবুবে আলম বলেন, ‘রাষ্ট্রকে ৫০ লক্ষ টাকা দিতে বলা, এটা আমার মনে হয় অর্থদণ্ডটা রাষ্ট্রের ওপর চাপানো হয়েছে। এ বিষয়ে আপিল করা উচিত। কিন্তু রায়ে যে অন্যান্য পর্যবেক্ষণ আছে, সেগুলো সম্বন্ধে আমাদের রাষ্ট্রপক্ষের কোনো বক্তব্য নেই।’
তিনি বলেন, রাষ্ট্রপক্ষকে অবশ্যই জরিমানা করতে পারে। অনেক ক্ষেত্রে রাষ্ট্রপক্ষকে জরিমানা করা হয় এজন্য যে, তদন্ত সংস্থা, আদালত সবই রাষ্ট্রের অধীনে। তবে ৫০ লক্ষ টাকা এটা অতিরিক্ত হয়ে গেছে।’


