বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইউএনওকে মারধর মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তর

biplob-620x330ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রাকিব হায়দারকে মারধরের মামলায় চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করে আদালত মামলাটি দ্রুত বিচার আদালতে বদলি করেছেন। ৩১ মে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

ফেনীর দ্রুত বিচার আমলি আদালতের বিচারক শেখ মো. বদিউল আলম বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ইউএনও রাকিব হায়দারকে মারধরের মামলায় ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে আদালতের উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক বলেন, আদালত আজ (বৃহস্পতিবার) অভিযোগপত্র গ্রহণ করে এই মামলা দ্রুত বিচার আদালতে বদলির আদেশ দেন। এ ছাড়া ৩১ মে দ্রুত বিচার আদালতে মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহিদ হোসেন বলেন, আজ দুপুরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাসার মজুমদার এবং চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ গ্রেপ্তার আটজনের জামিনের জন্য আবেদন করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

৬ মে স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে ‘অপমান’ করায় ইউএনও রকিব হায়দারকে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে খায়রুল বাসার মজুমদার, জসিম উদ্দিনসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।

আরও পড়ুন