ছয় মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ থাকলেও সরকার প্রায় এক বছরেও হাইকোর্টের বাড়ি ভাড়া নির্ধারণ সংক্রান্ত কমিশন গঠনের নির্দেশনা বাস্তবায়ন করেনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি শহীদুল্লাহ পাটওয়ারী একথা বলেছেন।
হাইকোর্টের নির্দেশনা- বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠনের নির্দেশ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদ এ মানববন্ধন আয়োজন করে।
শহীদুল্লাহ পাটওয়ারী বলেন, ‘মহামান্য হাইকোর্ট গত ১ জুলাই ২০১৫ তারিখে সরকারকে ৬ মাসের মধ্যে বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠনে দিক নির্দেশনা দেন।’
তিনি বলেন, ‘অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠন করতে হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাহারানে সুলতান বাহার, গোলাম মোস্তফা, জাহানারা বেগম, তুষার রেহমান, সিরাজুল ইসলাম খোকন, জান্নাত ফাতেমা, মোহম্মদ মোস্তফা, ফারুক হোসেন প্রমুখ।


