বুধবার ৪ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কার বন্যা ও ভূমিধসে বাংলাদেশের ত্রাণ

03 (1)শ্রীলঙ্কায় গত সপ্তাহে হয়ে যাওয়া প্রবল বন্যা ও ভূমিধসে হতাহতদের সহায়তা হিসেবে বাংলাদেশ থেকে ত্রাণ পাঠানো হল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ধরনের ৯ টন ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান শুক্রবার ২৭ মে ঢাকা থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরা এ ত্রাণ সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান সহ সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স এন্ড প্ল্যান পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বার চৌধুরী এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গত ১৪ মে ২০১৬ তারিখ হতে একটানা প্রবল বর্ষণে শ্রীলংকার বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার পাশাপাশি শ্রীলংকার মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসে অনেক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এর পরিপ্রেক্ষিতে, শ্রীলংকা সরকারের প্রয়োজন অনুযায়ী প্রথম পর্যায়ে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ বিমান যোগে ১৯ জনের একটি দল ৯ টন ত্রাণ সামগ্রী যেমন ওয়াটার পিউরিফায়ার, বিভিন্ন ধরনের ঔষধ, তাবু, জেনারেটর ইত্যাদি নিয়ে শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করে।

বিমানটির আগামী ২৮ মে ২০১৬ তারিখে দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্ক সরকারের সাথে যোগাযোগ করে তাদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে বিমান বাহিনীর সি-১৩০ এবং নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু’র মাধ্যমে আরও ত্রাণ সামগ্রী শ্রীলংকায় প্রেরণ করা হবে।

আরও পড়ুন