‘আমার ফেসবুকের ৯০ ভাগ অনুসারী বাংলাদেশের।’ ঢাকায় এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। রোববার সকালের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন তিনি। উঠেছেন গুলশানের একটি পাঁচতারা হোটেলে। পুর্বনির্ধারিত সূচি অনুযায়ী অল্প কিছুক্ষণের বিশ্রাম শেষে কথা বলতে আসেন সংবাদমাধ্যমের সামনে।
ঢাকায় সাংবাদিকদের আতিফ জানান, ‘অনেক দেশে আমার ভক্ত-শ্রোতা আছে ঠিকই, তবে বাংলাদেশে এই সংখ্যা সবচেয়ে বেশি। আমার ফেসবুক অনুসারীর তো ৯০ ভাগই এই দেশের। কিছুদিন আগে সিঙ্গাপুরে একটি কনসার্টে গান গাইতে গিয়েছিলাম। সেখানেও আমার বাংলাদেশের মানুষের সঙ্গেই কথা হয়েছে। এখানকার মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করে। আর খাবারের তো জুড়ি নেই।’
পাকিস্তানি বংশোদ্ভুত বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে গান গাইতে এসেছিলেন। আজকের কনসার্টের প্রস্তুতি প্রসঙ্গে আতিফ বলেন, ‘বলিউডে আমার বেশ কিছু গান হিট হয়েছে। পাশাপাশি আমার নিজেও পছন্দেরও কিছু গান গাইব। বাংলাদেশের শ্রোতাদের সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে, তাঁদের পছন্দের ব্যাপারটিও মাথায় থাকবে।’
ঢাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি আতিফ আসলামআজ সন্ধ্যায় ‘আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টে জনপ্রিয় কিছু গান শোনাবেন। তাঁর সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী আকৃতি কাক্কার। তিনি জানান, শনিবার ঢাকায় এসে তিনি কেনাকাটায় সময় কাটিয়েছেন। এ দেশে গান করতে আসতে পেরে তিনিও উচ্ছ্বসিত। অন্য শিল্পী মমতা শর্মা তখনো অনুষ্ঠানস্থলে পৌঁছাননি। তবে গাইবেন তিনিও।
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠেয় ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’ উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। কনসার্টের আয়োজক এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড।


