বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

উপজাতিদের সঙ্গে সরকারের আচরণ সৎ শাশুড়ির মতো

maksud20160529082756বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সরকার উপজাতিদের সঙ্গে সৎ শাশুড়ির মতো আচরণ করছে। এটাকে দর্জাল আচরণ বললেও ভুল হবে না। কারণ এটা তার চেয়েও ভয়ংকর। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়েঅজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবুল মকসুদ বলেন, উপজাতিদের মূল সমস্যা অর্থনৈতিক। তাদেরকে অর্থনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এটা দেশের জন্যই প্রয়োজন।

অর্থমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনার কাছে চার হাজার কোটি টাকার দুর্নীতি কিছুই না, খুবই সামান্য। উপজাতিদের জন্য ওই সামান্য পরিমাণ অর্থই বরাদ্দ করুণ।

আসন্ন জাতীয় বাজেটে উপজাতিদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে উপজাতি নেতা রবীন্দ্রনাথ সরেন বলেন, আমরা এদেশের মোট জনসংখ্যার দুই শতাংশ। এই হিসাবে চলতি অর্থবছরের বাজেটে উপজাতিদের জন্য কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা ছিল, কিন্তু তা হয় নি। তিনি আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে উপজাতিদের জন্য পর্যাপ্ত ও ন্যায় সংগত বরাদ্দ রাখার দাবি জানান।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, উপজাতিদের উপর নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি না কমে বরং বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, সরকার এ বিষয়ে উদ্যোগ না নিলে পার্বত্য অঞ্চল আবারও অস্থির হওয়ার আশঙ্কা রয়েছে। উপজাতি বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেন, তাদের সঙ্গে সরকার ন্যায় সংগত আচরণ করছে না। বিভিন্নস্থানে সংখ্যালঘু নির্যাতনের বিরদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না উল্লেখ করে তিনি উপজাতিদের সব দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজাতি নেতা সম্পাদক সঞ্জীব দ্রং, জন সংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা প্রমুখ।

আরও পড়ুন