জাপানে বিএনপির বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে জাপানে বসবাসকারী বিএনপির নেতাকর্মীরা।
জাপান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজার নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন কাজী এনামূল হক, আলমগীর হোসেন মিঠু, ফয়সাল সালাহউদ্দীন, নুর খান রনি, কাজী সাদেকুল হক বাবলু, আবুল খায়ের, জাকির মাসুম ও সিরাজুল হক সহ প্রমুখ।
নানা রকম ব্যানার, ফেস্টুন, প্লেকার্ডসহ জাপান বিএনপির নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে নেতাকর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দেন। সমাবেশে বক্তারা শেখ হাসিনার জাপান সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তিনি অবৈধভাবে প্রশাসনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করে আছেন।
তারা অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগের আহবান জানিয়ে বলেন, অন্যথায় তিনি যেখানে যাবেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা বলেন, শেখ হাসিনা আজ বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছেন। আজ জনগণের ভোটের অধিকার নেই, গণমাধ্যমের সাধীনতা নেই, আইনের শাসন নেই। প্রতিদিন গুম, খুন, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, রাহাজানি সহ দুর্নীতি, দলীয়করণের মাধ্যমে বাংলাদেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
এই অবস্থায় তারা বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃতে গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে জাপান বিএনপি এবং এর অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


