সব মামলায় জামিন পাওয়ার পরও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে অবৈধভাবে কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা।
রোববার রাজশাহী আইনজীবী সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও রাজশাহী আইনজীবী সমিতির নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আইনজীবীরা জানান, মেয়র বুলবুলের নামে মোট ১৯টি মামলা দিয়েছে বর্তমান সরকার। এসব মামলার মধ্যে ১৭টিতেই তিনি বিচারক আদালত থেকে জামিন পেয়েছেন। সবশেষ গত ২৫ মে হাইকোর্ট থেকে অবশিষ্ট দুটি মামলায় জামিন পান তিনি। এরপর দুটি মামলার জামিন সংক্রান্ত কাগজপত্র গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপরও মেয়র বুলবুলকে এখন পর্যন্ত মুক্তি দেয়নি কারাগার কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলন থেকে আদালতের নির্দেশনা মেনে অবিলম্বে মেয়র বুলবুলকে কারাগার থেকে মুক্তি দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজশাহী শাখার সভাপতি এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এ কে এম মিজানুর রহমান প্রমুখ।


