বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তনুর ডিএনএ প্রতিবেদন সরবরাহের নির্দেশ আদালতের

105755aকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দাঁত ও সোয়াব পরীক্ষার ডিএনএ প্রতিবেদন সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এ আদেশ দেন ময়নাতদন্তকারী চিকিৎসককে।

সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার ও মামলার তদন্ত  কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহিমকে ওই দুইটি বিষয়ের আলাদা আলাদা প্রতিবেদন সরবরাহ করার নির্দেশ দেন। নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৪ মে কুমিল্লার আদালতে এসে পৌঁছায় নিহত তনুর কাপড় ও শরীরের সাতটি বিষয়ের ডিএনএ প্রতিবেদন। ১৫ মে সিআইডির কাছে নিহত তনুর কাপড়, চুল, দাঁত, নখের ডিএনএ এবং সোয়াব পরীক্ষার প্রতিবেদন চেয়ে মামলার তদন্ত কর্মকর্তার কাছে চিঠি দেন ময়নাতদন্তকারী দলের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা। ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর কাছে। কিন্তু সিআইডি গত ১৯ মে বিকেলে ডিএনএ প্রতিবেদন আদালতের মাধ্যমে নেওয়ার জন্য ময়নাতদন্তকারী চিকিৎসককে চিঠি দিয়ে জানিয়ে দেয়। চিঠিটি দিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মো. ইব্রাহিম।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার ১৫ দিনের মাথায় প্রথম ময়নাতদন্ত কর্মকর্তা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা তাঁর প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত না পাওয়া ও হত্যার কারণ নির্ণয় করতে না পারার কথা উল্লেখ করে প্রতিবেদন দিয়েছিলেন। কিন্তু সিআইডির ল্যাবে পরীক্ষার পর জানা গেছে তনুর কাপড়ে তিনজন পুরুষের বীর্য রয়েছে। ওই তিন জন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল এখন সিআইডির হাতে। আদালতে মামলার পূর্বে তদন্ত কর্মকর্তা এ কে এম মনজুর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তনুর পরিহিত কাপড় ও অন্তর্বাসের ডিএনএ পরীক্ষা করা হয়। আদালতের নির্দেশে কুমিল্লা  মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহার নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় ময়নাতদন্ত কমিটি গঠন করা হয়। এরপর আদালতের নির্দেশে ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ উত্তোলন করে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। এখনও দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেয়নি ময়নাতদন্তকারী দল।

উল্লেখ্য, ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি এলাকার ঝোপ থেকে উদ্ধার করা হয় সোহাগী জাহার তনুর মরদেহ। এ ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। ২১ মার্চ প্রথম ময়ানাতদন্তে ধর্ষণের কোনো  আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।

আরও পড়ুন