বাংলাদেশের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বরিশালের ‘চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা’ প্রথম স্থান অর্জন করেছে।
জাতীয় শিক্ষাসপ্তাহ- ২০১৬ উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর হাতে শ্রেষ্ঠ পুরস্কারের সনদ ও গোল্ড মেডেল তোলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শিক্ষাসপ্তাহের অনুষ্ঠানের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, শিক্ষামন্ত্রণালয় সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এএস মাহমুদ প্রমুখ।
এর আগে মাদরাসাটি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং চরমোনাই পীরের বড় ভাই।


