নির্বাচনী দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে ট্রলার ডুবিতে ৫ নারী আনসার সদস্যের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাহবুব হাসান শাহিনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।
কমিটির অন্য সদস্যরা হলেন- কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক ফায়ার সার্ভিস এবং মিঠামইন উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে ট্রলার ডুবির কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে রোববার ভোর পাঁচটার দিকে মিঠামইন সদরের বাজার ঘাটে ট্রলার ডুবিতে পাঁচ মহিলা আনসার সদস্য নিহতের দুর্ঘটনাটি ঘটে। গত শনিবার অনুষ্ঠিত পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসারসহ সাধারণ যাত্রীদের নিয়ে নৌকাটি মিঠামইন থেকে নিকলী যাচ্ছিল। নৌকাটি ছাড়ার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ঘাট সংলগ্ন এলাকায় পানিতে ডুবে যায়। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ মহিলা আনসার সদস্য নিহত হয়।
নিহতরা হলো নিকলী উপজেলার দামপাড়া গ্রামের মো. হবি মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (৩৫), মৃত নারায়ণ সূত্রধরের স্ত্রী বিউটি সূত্রধর (৪০), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসনা আরা (৩৫), সাজনপুর গ্রামের মো. আবদুল মান্নানের স্ত্রী মোমেনা আক্তার (৪০) ও জারইতলা গ্রামের ফজলু মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন (৪২)।


