ছয় পণ্যে পাটের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন এখনও ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শিথিল হওয়ার পর আবারও পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তার ব্যবহার শুরু হয়েছে। এরই মধ্যে আরও ১৩ পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পণ্য হচ্ছে- মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনে, আলু, ময়দা, আটা, তুষ-কুড়া, পোলট্রি ফিড (হাঁস-মুরগির খাদ্য) ও ফিশ ফিড (মাছের খাদ্য)। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্প্রতি নেওয়া এ সিদ্ধান্ত আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রজ্ঞাপন আকারে ঘোষণা দেওয়া হবে।
বস্ত্র ও পাটসচিব এম এ কাদের সরকার বলেন, নতুন ১৩ পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে আগামী দুই সপ্তাহের মধ্যে অভিযান শুরু করা হবে। তবে এর আগে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সংশোধনী আনা হবে। এ প্রক্রিয়া এ সময়ের মধ্যেই করে নেওয়া হবে। তিনি বলেন, আইনে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এ ছয় পণ্যের কথা উল্লেখ ছিল। এ কারণে নতুন পণ্য অন্তর্ভুক্ত করতে সংশোধনী আনা ছাড়া কোনো উপায় নেই।
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০’ বাস্তবায়নে ছয় পণ্য সংরক্ষণ, পরিবহন ও বিক্রিতে পাটের মোড়ক ব্যবহার তদারক করতে দেশব্যাপী অভিযান শুরু হয় গত বছরের ৩০ নভেম্বর। র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ সে অভিযানে ৯৯৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয়েছে দুই হাজার ১০০টি। তবে অভিযান শিথিল হওয়ায় ব্যবসায়ীরা আবার পাটের মোড়কের পরিবর্তে প্লাস্টিক ব্যবহারে ফিরে গেছেন। সম্প্রতি মন্ত্রণালয়ের এক বৈঠকে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বাধ্যতামূলক ব্যবহার আইন সঠিকভাবে প্রতিপালন হচ্ছে না। ছয় পণ্য সংরক্ষণ ও পরিবহনে আবারও প্লাস্টিকের ব্যাগের ব্যবহার লক্ষ্য করেছে মন্ত্রণালয়। আইনের বাস্তবায়ন শতভাগ কার্যকর করতে সারাদেশে ফের বিশেষ অভিযান শুরু করার কথা জানান তিনি। এ বিষয়ে আবারও পদক্ষেপ নিতে মন্ত্রণালয় শিগগির বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেবে বলে জানা গেছে।
এ সংক্রান্ত আইনে বলা হয়, পাটের মোড়ক ব্যবহার না করলে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের কথা বলা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার হলে শাস্তি হবে দ্বিগুণ। আইন মানা না হলে ব্যাংক ঋণ বন্ধ ও আমদানি-রফতানি সনদ বাতিল করার কথা বলা হয়েছে আইনে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ১৩ পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক করতে আগের মতোই সারাদেশে অভিযান চালানো হবে। তবে কবে থেকে এবং কীভাবে এ অভিযান শুরু হবে, সে বিষয়ে আলোচনার জন্য আন্তঃন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে আগামী ৭ জুন। এতে বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, কৃষি, খাদ্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যান, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। বৈঠকে অভিযান পরিচালনায় বিভাগীয় এবং জেলা মনিটরিং কমিটি গঠন করা হবে। এ ছাড়া বিদ্যমান ছয় পণ্যে পাটের মোড়ক ব্যবহার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।


