অর্ধেক ডুবে চলা বালুবাহী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন হয়, এগুলো আবার অর্ধেক ডুবে চলা জাহাজে করে আনা-নেওয়া হয়। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।
নৌপথে নিরাপত্তা বিধান ও দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সকলের সচেতনতা বৃদ্ধির জন্য আজ ১ জুন থেকে দেশব্যাপী অষ্টমবারের মতো ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬’ শুরু হয়েছে। চলবে ৭ জুন পর্যন্ত। এ বছরের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রশিক্ষণ ও দক্ষতা নৌপথে আনে নিরাপত্তা’।
নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির সভাপতি মাহবুবউদ্দিন আহমদ, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।
বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে দুপুরে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা হ্রাসে মালিক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে নৌযান শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা (শ্রমিকরা) যদি যাত্রীদের নিজের পরিবারের সদস্য মনে করেন, তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
তিনি নৌ নিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার করার আহ্বান জানান।
রফিকুল ইসলাম বলেন, নৌ সেক্টরের উন্নয়ন ও দুর্ঘটনা হ্রাসে শ্রমিকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের কল্যাণের দিকটিও মালিকদের লক্ষ্য রাখতে হবে। ভালো ও পরিকল্পিত জাহাজ নির্মাণে মালিকদের প্রণোদনা দিতে হবে। তাহলে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সচিব অশোক মাধব রায় বলেন, সরকার নৌপথের সার্বিক নিরাপত্তা বিধানে বদ্ধ পরিকর। এ লক্ষ্যে যে সকল সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ পালনের আয়োজন করে।
মূল উদ্বোধন অনুষ্ঠানসহ নারায়নগঞ্জ, বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও মংলা বন্দরে নৌ সপ্তাহ উদযাপন করা হবে। উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন নৌ বন্দরে ব্যানার ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে নৌ সচেতনতা বৃদ্ধির কর্মসূচি, পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি ও ক্রোড়পত্র প্রকাশ, সারাদেশে অনিবন্ধনকৃত নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা ইত্যাদি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।


