দুমাস ১৮ দিন কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বুধবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুক্তি পেয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল হেতেম খাঁ গোরস্থানে বাবা-মার কবর জিয়ারতের পর নিজবাড়ি যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম খান বলেন, সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সর্বশেষ দুটি মামলার জামিনের আদেশ বৃহস্পতিবার বিকেলে কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছে। কিন্তু সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকেও চিঠি আসে। এতে বলা হয়, বৃহস্পতিবার মেয়র বুলবুলের জামিনের বিপক্ষে আদালতে আপিল করা হয়েছে। যার শুনানি অনুষ্ঠিত হবে রোববার বেলা ১২টায়। তাই বুলবুলকে সেইদিন মুক্তি দেয়া যায়নি। পরে রোববার শুনানি শেষে বুলবুল জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মেয়র বুলবুলের আইনজীবী অ্যাডভোকেট রইসুল ইসলাম বলেন, গত ১৩ মার্চ মোসাদ্দেক হোসেন বুলবুল ৯ মামলায় জামিনের আবেদন জানিয়ে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে রাজশাহীর আদালত থেকে সাতটি মামলা ও উচ্চ আদালত থেকে দুটি মামলায় জামিন লাভ করেন তিনি।
সর্বশেষ গত মঙ্গলবার উচ্চ আদালতে দুটি মামলায় পাওয়া জামিনের আদেশ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর মধ্যে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে হামলা ও সাহেববাজার এলাকায় বোমা বিস্ফোরণের মামলাটি রয়েছে। কিন্তু বিস্ফোরক মামলায় জামিনের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। রোববার এর শুনানি হয়। সেখানেও জামিন পান বুলবুল।
উল্লেখ্য, বিভিন্ন মামলার কারণে পলাতক ছিলেন বুলবুল। গত বছরের ৭ মে পলাতক থাকা অবস্থায় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।


