বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মাহির ছবি ফেসবুকে দিয়ে শাওন অপরাধ করেছেন: পুলিশ

mahiচিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী দাবিদার শাহরিয়ার ইসলাম শাওন মামলা না করে ফেসবুকে মাহির ছবি পোস্ট করে তথ্য-প্রযুক্তি আইনে অপরাধ করেছেন। এজন্য শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বলেছেন, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান।

বুধবার বিকেলে গণমাধ্যমকে উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘মাহির দায়ের করা মামলার তদন্ত চলছে। শাওন ফেসবুকে যে ছবি পোস্ট করেছেন তাতে মাহির সম্মতি ছিল না। এটি একটি অপরাধ।’

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, আদালতে যে কাবিননামা দেয়া হয়েছে তা যদি সত্যি হয় তাহলে মাহির বিরুদ্ধে শাওন আদালতে মামলা করতে পারতেন। কিন্তু শাওন তা করেননি।

এদিকে শাওন আদালতে যে কাবিননামা দাখিল করেছেন তা নিয়ে ভাবছে না গোয়েন্দা পুলিশ। তারা তদন্ত করে দেখছে শাওন কোন ধরনের সাইবার অপরাধ করেছেন। অবশ্য ছবি পোস্ট করার কথা শাওন রিমান্ডে স্বীকার করেছেন এবং বলেছেন, মাহি তার স্ত্রী। এ কারণে স্ত্রীর ছবি পোস্ট করে তিনি কোনো অপরাধ করেননি।

বুধবার বিকেলে শাওনের আইনজীবী বেলাল হোসেন বলেন, কাবিননামাসহ প্রয়োজনীয় সব কাগজ আদালতে জমা দেওয়া হয়েছে। এসব নিয়ে শাওনের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপও হয়েছে। কোন ধারায় মামলা করা হবে তার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে শাওন কারাগার থেকে বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিভিন্ন সূত্র জানায়, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহির। চলচ্চিত্রে অভিনয় শুরুর পরও শাওনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। মাহির সঙ্গে শুটিং স্পটেও যেতেন শাওন। প্রযোজক, পরিচালক থেকে শুরু করে সবাই জানতেন মাহির স্বামী শাওন।

২৭ মে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন মাহিয়া মাহি। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শাওনকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। মঙ্গলবার শাওনকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে শাওনের জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে শাওনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন