বুধবার ৪ নভেম্বর ২০২৬

কারারক্ষীদের সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

homeministerকারাভ্যন্তর হতে জঙ্গী ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কারারক্ষীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে ৪৮তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ কোর্সের রিক্রুটদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও সমাপনী কুচকাওয়াচ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

কারাভ্যন্তর হতে জঙ্গী ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনরুপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ, শৃঙ্খলা, মানবতা, সংশোধন ও পুনর্বাস এই মূলমন্ত্রে উজ্জীবিত হওয়ার জন্য কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, কারাগার একটি সংবেদনশীল ও স্পর্শকাতর প্রতিষ্ঠান বিধায় দায়িত্বশীল মনোভাব নিয়ে কর্তব্য পালন করতে হয়। নিরাপত্তা বিধানের পাশাপাশি বর্তমানে কারাগার বন্দিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অপরাধীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। আর এ উদ্যোগ সফল করতে হলে কারা কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির দরকার। দক্ষতা বৃদ্ধির মূল নিয়ামক হচ্ছে প্রশিক্ষণ।

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাগার বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ। কারাগারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। চলতি অর্থবছরে ৭৪ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বন্দিদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন নতুন কারাগার নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনসহ কারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে মন্ত্রী কুচকাওয়াচ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন। ২৪ সপ্তাহের এ প্রশিক্ষণে ১৭৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। পর প্রধান অতিথি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের মধ্য থেকে শ্রেষ্ঠ পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন