বুধবার ৪ নভেম্বর ২০২৬

তথ্য-প্রযুক্তিতে বরাদ্দ বেড়েছে

software-640২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে (মন্ত্রণালয়) চলতি অর্থবছরের চেয়ে ৬শ’ কোটিরও বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ খাতে এক হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। ২০১৫-২০১৬ অর্থবছরে বরাদ্দ রয়েছে এক হাজার ২১৪ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশে মোবাইল ও ইন্টারনেট গ্রাহকের সংখ্যা যথাক্রমে ১৩ কোটি ২০ লাখ ও ৬ কোটি ২০ লাখে উন্নীত হয়েছে।

আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ ১৮০ জিবিএস-এ উন্নীত করা হয়েছে। অন্যদিকে সারাদেশে এ পর্যন্ত ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে।

সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহার রোধে আমরা শুরু করেছি সিম/রিম রেজিস্ট্রেশনের কাজ।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ভিলেজ স্থাপনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইন্টারনেট সেবা: অর্থমন্ত্রী বলেন, দেশের সর্বত্র দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণের লক্ষে সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা শহরগুলোতে Base Transmission Station (BTS) স্থাপন, ৩০০ অপটিক্যাল ফাইবার এবং BTS সমূহের আন্ত:সংযোগের জন্য দেশব্যাপী ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ ছাড়া দূর্গম ১২৮টি উপজেলার এক হাজার ৫টি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক এবং ৫টি জেলার ১২টি দূর্গম উপজেলায় রেডিও লিঙ্ক স্থাপনের উদ্দোগ নেওয়া হয়েছে।

অধিকন্তু, মহাকাশে নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ প্রস্তুত, উৎক্ষেপণ ও গ্রাউন্ড স্টেশন স্থাপনে একটি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করেছি।

সাইবার অপরাধ প্রতিরোধ এবং গ্রাহক সেবার মানোন্নয়ন: আবুল মাল আব্দুল মুহিত বাজেট বক্তৃতায় বলেন, syberspace ও Internet ভিত্তিক সাইবার ক্রাইম পর্যবেক্ষণ ও প্রতিরোধসহ সকল প্রকার তথ্যের ‘ইন্টারনেট সেফটি সল্যুউশন’ নামক মনিটরিং ও রেগুলেটরি ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা আমাদের আছে।

তিনি বলেন, যেভাবে আমরা সাইবার ক্রাইমের শিকার হয়েছি তাতে এ বিষয়ে আমাদের সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়া গ্রাহক সেবার মানোয়ন্নয়ন এবং গ্রাহকের ফোন নম্বর সুরক্ষার লক্ষ্যে ‘মোবাইল নাম্বার পোর্টাবিলিটি (এমএনপি)লাইসেন্স প্রদানের পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে।

আরও পড়ুন