২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির ন্যূনতম করমুক্ত আয়ের সীমা গত অর্থবছরের মতো এবারও একই রাখা হয়েছে।
সাধারণ করদাতাদের ক্ষেত্রে এই সীমা ২ লাখ ৫০ হাজার। নারী ও ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের তিন লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৪ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত কর দিতে হবে না।
সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম সাড়ে চার লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, আর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।


