চরদরবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়ক থেকে তাকে আটক করা হয়। আজাদ সোনাগাজী উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে চরদরবেশে তার বাড়ি থেকে একটি শর্টগান, দুটি ওয়ানগান, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত ফাহিম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


