বেশ কিছুদিন আগে অভিনয় ছেড়ে পর্দার আড়ালে চলে গেছেন ঢাকাই সিনেমার সমালোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। মাঝে মাঝে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েই সীমাবদ্ধ তিনি। এই তো ক’দিন আগে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি বিয়ে করছেন…। এবার খবর দিলেন তিনি নতুন ব্যবসায় নেমেছেন।
হঠাৎ করেই হ্যাপিয়েস্ট শপ (Happiest Shop) শিরোনামে একটি অনলাইন শপ চালু করেছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার হ্যাপি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
স্ট্যাটাসে হ্যাপি লিখেন, ‘যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য কিছু কথা না বললেই নয়, হঠাৎ করেই আমি একটি অনলাইন শপ হ্যাপিয়েস্ট শপ চালু করেছি। যদিও নিজে হালালভাবে কিছু একটা করার পরিকল্পনা আগে থেকেই ছিল। এ কারণেই ছিল যাতে করে মানুষের সাহায্য করতে পারি ইনশাআল্লাহ! বাবা মায়ের কাছ থেকে সবসময় টাকা নিয়ে তো দেওয়াই যায় কিন্তু এতে তো আর নিজে কষ্ট করে দেওয়ার যে আত্মার শান্তি তা আর পাব না! তাই চিন্তা করেছি একবারেই কিছু টাকা নিয়ে সেটা দিয়ে কিছু একটা করে লাভের অংশ থেকে সাহায্য করার।’
তিনি আরো লিখেন, ‘নিজের লাভের জন্য ব্যবসা শুরু করিনি। আমার প্রয়োজনও ছিল না আলহামদুলিল্লাহ! শুধু সাহায্য করার উদ্দেশ্যে ব্যবসায় এগিয়ে আসা। অনেক ভাই- বোন আছেন, যারা অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসার বই কিনতে পারছেন না বা বাচ্চাদের মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন কিন্তু টাকার জন্য পারছেন না বা কোনো দ্বীনি ভাই-বোন খুব কষ্টের মধ্য দিয়ে একবেলা খেয়ে না খেয়ে বেঁচে আছেন, তারা আমাকে একটু কষ্ট করে জানান, ইনশাআল্লাহ আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করব।’


