
ইউনিয়ন পরিষদের শেষ (ষষ্ঠ) দফা নির্বাচনের এক দিন আগে সহিংসতায় ১ প্রাণহানির ঘটনা ঘটেছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এই ঘটনায় নিহতের নাম ফারুক। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
“নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া বিস্তারিত কিছু জানা যায়নি।”
আগামীকাল ৪ জুন শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। নির্বাচনী সরঞ্জাম, নির্বাচনী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা শুক্রবার বিকেল থেকে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে পৌঁছান। প্রার্থী ও ভোটাররা অপেক্ষায় ভোট শুরুর।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেষ ধাপে শনিবার ভোট হচ্ছে ৪৬ জেলার ৯২ উপজেলার ৭১০ ইউপিতে। এসব ইউপির সাড়ে ছয় হাজার কেন্দ্রে ভোটার সংখ্যা ১ কোটি ১০ লাখের কিছু বেশি। এক লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য নিয়োজিত রয়েছেন ভোটের দায়িত্বে।
স্থানীয় সরকার পরিষদের এটি নবম নির্বাচন। নির্বাচন কমিশনের দেয়া সময় অনুযায়ী, প্রার্থীরা প্রচারণা শেষ করেছেন বৃহস্পতিবার মধ্যরাতে।


