ঈদে ভারত ভ্রমণে ইচ্ছুকদের জন্য ‘ঈদ ভিসা ক্যাম্প’–এর উদ্বোধন করা হয়েছে। এখানে কোনো ধরনের ই-টোকেন ছাড়াই কেবল টুরিস্ট ভিসার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে।
আজ শনিবার ভারতীয় হাইকমিশনের বারিধারায় নতুন চ্যান্সারি কমপ্লেক্সে ভিসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। ১২ দিনব্যাপী ভিসা ক্যাম্প চলবে ১৬ জুন পর্যন্ত (শুক্রবার বন্ধ থাকবে)। প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বলেন, তাঁরা প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশিরা ঈদের সময় ভারতে ঘুরতে যেতে ভালোবাসেন। ২০১৫ সালে ভারতে ঘুরতে যাওয়া ভ্রমণকারীদের সূচকে বাংলাদেশ দ্বিতীয়। তিনি আরও বলেন, ভিসা সহজ করতে তাঁদের আরও অনেক উদ্যোগ দেখা যাবে। বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীদের সুবিধা দিতে তাঁরা নানা উদ্যোগ অব্যাহত রাখবেন।
হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ১১টি ভিসাকেন্দ্র আছে। বাংলাদেশ হাইকমিশনে গত বছর চিকিৎসার জন্য এক লাখ ভিসা ইস্যু করা হয়। তা ছাড়া দুই দেশের ব্যবসা–বাণিজ্যও বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে বাণিজ্য করতে আসতে আশাবাদী। বাংলাদেশের কোম্পানিগুলোও ভারতে ব্যবসার জন্য যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পের প্রথম দিনেই বেশ সাড়া পাওয়া গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে একটি ‘লাকি ড্র’–এর আয়োজন করা হয়। হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভিসার ক্যাম্প চলাকালে টুরিস্ট ভিসা আবেদনকারীরা ই-টোকেন ছাড়াই সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপত্র জমা নেওয়ার জন্য বিশেষ কাউন্টারেরও ব্যবস্থা করা হয়েছে।


